সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫ এএম

সৌদি আরবে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছে। ইয়েমেন সীমান্তবর্তী আভা বিমানবন্দর লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার দুপুরে এই হামলা চালায়।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

আহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। তবে কারো নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আভা বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছিল। তা লক্ষ্যচ্যুত করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। তখন শার্পনেলের আঘাতে ১২ জন আহত হন। হামলার পর বিমানবন্দরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া রয়টার্সকে বলেন, তারা আভা বিমানবন্দরে সামরিক স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালায়।

হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দেয়। সেই সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করে আসছে। তার জেরে ইয়েমেনে হুতিদের সামরিক লক্ষ্যস্থলগুলোতেও বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।  

এর আগেও হুতিদের হামলায় বাংলাদেশি প্রবাসীর আহত হওয়ার খবর পাওয়া যায়।

সর্বশেষ গত জানুয়ারির শেষ দিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত