সাভারে পৃথক স্থান থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সাভারের রেডিও কলোনিতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত হন এবং কাউন্দিয়া এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের নাম ফিরোজ উদ্দিন (৫৬)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার এবং বর্তমানে সিংগাইরের বিন্নাডাঙ্গি এলাকায় একটি পাওয়ার স্টেশনে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অপরজনের নাম পিয়ার আলী দাস (৪০)। তিনি উপজেলার কাউন্দিয়া এলাকার বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার ফিরোজ উদ্দিন (৫৬)। এ সময় একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া বাসটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে চালককে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে সাভারের কাউন্দিয়া এলাকায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিয়ার আলী দাস নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।
