টাঙ্গাইলের নাগরপুরে লালবানু (৫৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে উপজেলার দুয়াজানী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী।
পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুয়াজানি গ্রামের মৃত আব্দুল মিয়া তিন ছেলে ও স্ত্রী লালবানুকে রেখে প্রায় ১২ বছর আগে মারা যায়। তার মৃত্যুর দুই বছর পর লালবানু বঙ্গবটিয়া গ্রামের তিন সন্তানের জনক মো. বাবুল মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। বাবুল মিয়া শনিবার সকালে বাড়ি থেকে কীটনাশক ও সার নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় লালবানু সকালের খাবারের জন্য রান্না করতে শুরু করেন। এক পর্যায়ে দুর্বৃত্তরা ওই নারীকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই পরিবারের ছেলে ও ছেলের বৌসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব দ্রুতই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে বলেও তিনি জানান।
