নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এ হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা-পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
গ্রেপ্তাররা হলেন- নাসির, লক্ষণ, কৃষ্ণা, (এজাহারনামীয়)। এ ছাড়া বাকি পাঁচজন হলো- ইব্রাহিম, লিটন, আসিফ, ফয়সাল, হিরা।
সদর মডেল থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চার ঘণ্টার অভিযানের পর আমরা এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করেছি এবং এজাহারের বাইরে আরও ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক (জাবেদ আহমেদ জুয়েল) একটি অভিযোগ দায়ের করেছে এবং এজাহারও তৈরি করা হয়ে গেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ এর অফিসে হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
সময়ের নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল দাবি করেন, ‘সম্প্রতি ত্বকী হত্যা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি একটি র্যাবের সেই প্রকাশিত খসড়া চার্জশিট নিয়ে সংবাদ প্রকাশ হয়। মূলত সেই খসড়া চার্জশিট র্যাব প্রকাশ করে এবং ত্বকীর বাবা রফিউর রাব্বি গণমাধ্যম কর্মীদের সরবরাহ করে। সেটাই হুবহু তুলে ধরা হয়েছে। সেখানে আমাদের নিজেদের মনগড়া বক্তব্য নাই। কিন্তু তারা যেভাবে অফিসে হানা দিয়েছে সেটা ন্যক্কারজনক। তারা অফিসের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ও একটি পিসির হার্ডডিস্ক নিয়ে গেছে। ভাঙচুর করেছে ক্যামেরা।’
