নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী খুন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪০ পিএম

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ভাসান মালতি (৫০) নামে এক নৈশপ্রহরী খুন হয়েছে।

মঙ্গলবার ডাইলপট্টি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রানা বাসান জানান, তার বাবা মাত্র কয়েক দিন আগে নিতাইগঞ্জে নৈশপ্রহরীর চাকরি নিয়েছেন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী চৌধুরীপাড়া এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়া বাসায় থাকেন। বাবাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে পিতার লাশ শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পড়ে গিয়েও নৈশপ্রহরী ভাসান মালতি তার হাতে থাকা বাঁশিতে ফুঁ দিতে থাকেন। বাঁশির আওয়াজে লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেছে।

নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এএইচএম কামরুজ্জামান বলেন, আমার প্রাথমিক অবস্থায় সুরতহাল শেষ করেছি। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছি। এখনো তদন্ত চলছে, যেহেতু  ছুরিকাঘাতে নিহত অতএব মামলা অবশ্যই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত