প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিককে চেয়ারম্যানের হুমকি, দুর্বৃত্তরা করল অবরুদ্ধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৭ পিএম

ফেনীর পরশুরামে নৌ প্রতিমন্ত্রী উপস্থিতিতে পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র প্রতিনিধি আবু ইউছুপ মিন্টুকে উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে দুর্বৃত্তরা নয় থেকে ১০ সাংবাদিককে অবরুদ্ধ করে বলেও জানা যায়।

সোমবার বিকেলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বিলোনিয়া স্থলবন্দর এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকরা জানান।

এ সময় ঘটনাস্থলে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত পুলিশ রবিউল হক, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ দাইয়ান, পৌর মেয়র সাজেল চৌধুরী, ভাইস চেয়ারম্যান এনামুল বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীরা জানান, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে আসবেন এমন খবরে গণমাধ্যমকর্মীরা সেখানে জড়ো হেন।একপর্যায়ে নৌ-পরিবহন মন্ত্রী বন্দরে আসামাত্র তার সঙ্গে থাকা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার সাংবাদিক আবু ইউছুপ মিন্টুকে অকথ্য ভাষায় গালিসহ হুমকি দেন। গণমাধ্যমকর্মীরা চেয়ারম্যানের আচরণের প্রতিবাদ জানালে এবং প্রতিমন্ত্রীর বন্দর পরিদর্শনের সংবাদ প্রকাশ করবে না ঘোষণা দিলে চেয়ারম্যান সব গণমাধ্যমকর্মীর সামনে দুঃখ প্রকাশ করেন।

তাদের আরো অভিযোগ, সন্ধ্যায় গণমাধ্যমকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ভবনের ২য় তলায় তাদের কার্যালয়ে ঢুকলে ভবনের নিচের দরজায় তালা দেয় সাংবাদিকরা। পরে দু ঘণ্টা অবরুদ্ধ থাকেন তারা। খবর পেয়ে পরশুরাম পুলিশ সাংবাদিকদের মুক্ত করেন।

সাংবাদিক আবু ইউছুপ মিন্টু জানান, এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা যুবলীগ সভাপতি ইয়াসিন শরিফ মজুমদার জানান, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি (হুমকি দেওয়া) তিনি কাছ থেকে দেখেছেন। পরে তালা দেওয়ার খবর পেয়ে তিনি তালা ভেঙে গণমাধ্যমকর্মীদের ভবন থেকে বের করে আনেন।

তিনি বলেন, ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার সুযোগ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার বলেন, ঘটনাটি স্থলবন্দরেই মীমাংসিত হয়েছে। কিন্তু ভবনে তালা দিয়ে সাংবাদিকদের অবরুদ্ধ করার বিষয়ে আমি কিছুই জানি না।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ দাইয়ান জানান, কে বা কারা ভবনে তালা দিয়ে সাংবাদিকদের আটকে রাখে। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত