তারকা জুটি পরীমণি ও শরিফুল রাজের বিয়ের বৈধতার প্রমাণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লা জজ আদালতের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। মঙ্গলবার দুপুরে ওই নোটিশ পাঠিয়েছেন বলে জানান তিনি।
জয়নাল আবেদীন জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে পরীমণি ও রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গত ১০ জানুয়ারি রাজ জানান, গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয় ও মা হতে যাচ্ছেন পরীমণি। এরপর গত মাসে আরেক দফা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।
আইনি নোটিশে জয়নাল আবেদীন মাযহারী বলেন, ২০১২ সালের ২৮ এপ্রিল নায়িকা পরীমণি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এক লাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে। সৌরভকে তালাক না দিয়েই পরীমণি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরিফুল রাজকে বিয়ে করেছেন।
গত ১০ জানুয়ারি মিডিয়ার মাধ্যমে তিনি পরীমণির সন্তানসম্ভবা হওয়ার কথা জানতে পারেন বলে নোটিশে উল্লেখ করেন এই আইনজীবী।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহের তালাক কবে কোথায় হয়েছে তা জানাতে বলা হয়।
এ ছাড়া সেই তালাকনামার সহিমুহুরি নকল এবং গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজের সঙ্গে হওয়া বিয়ের কাবিননামারও সহিমুহুরি নকলের সংযুক্তিসহ নোটিশের জবাব দিতে বলা হয়, জানান মাযহারী।
