আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসিরের অবস্থান জানতে চায় হাইকোর্ট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৬ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়াল বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে তথ্য চায় উচ্চ আদালত। 

তার বর্তমান অবস্থান হলফনামা আকারে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। 

আদালতে তাফসিরের পক্ষে ছিলেন আইনজীবী সাকিব মাহবুব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

কর ফাঁকি-সংক্রান্ত আলোচিত প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে বাংলাদেশিদের মধ্যে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, তার স্ত্রী ফাতেমা নাসরিন আউয়াল, তাদের বড় ছেলে মো. তাবিথ আউয়াল, তাফসির আউয়ালের নাম রয়েছে। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের প্রেক্ষিতে তাফসিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। পরে ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। গত বছরের ৫ মে তাফসিরকে তিন মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতিসহ তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক বলেন, তাফসির আউয়াল এখনো দেশে ফিরে না এসে বিদেশে অবস্থানের সময় বর্ধিত করার আবেদন করেন তার আইনজীবী। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে আদালতকে জানান তার আইনজীবী। এর প্রেক্ষিতে হাইকোর্ট তার বর্তমান অবস্থা হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত