বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সেবা চালু রাখতে মরিশাসের উপপ্রধানমন্ত্রী লুই স্টিভেন ওবেগাডোকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মরিশাস সফররত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। গত এক দশকে আর্থসামাজিক খাতে বাংলাদেশ যে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে তা দেখে উপপ্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে তার প্রজন্মের মানুষ অনুপ্রেরণা পায় বলে মন্তব্য করেন উপপ্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশ যেভাবে কভিড-১৯ পরিস্থিতি সামাল দিয়েছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
উপপ্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
