ফেনীতে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আবদুল হালিম (৪৫) নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনীর জিআরপি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, দ্রুতগতির একটি পিকআপ রাত ৩টার দিকে বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় গেট ভেঙে রেললাইনের উপর উঠে যায়।
এ সময় চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে।
পিকআপ চালক আবদুল হালিম, গাড়িতে থাকা দুই ব্যবসায়ী হাসান ও সোহেল রানাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত পিকআপ চালক আবদুল হালিম কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। আহত হাসান কুমিল্লা ব্রাহ্মণপাড়া টাকই গ্রামের বাসিন্দা ও সোহেল রানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা ।
ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান জীবন জানান, ট্রেন আসার আগেই গেট বন্ধ করা হয়েছে। কিন্তু পিকআপটি দ্রুতগতিতে এসে গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়।
জিআরপি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
