সৈকতে ভেসে আসলো দুই প্রজাতির শত শত জেলিফিশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ এএম

পটুয়াখালীর কুয়াকাটায় আবারও ভেসে এসেছে আওরেলিয়া আওরেটা ও ব্যারেল নামের দুই প্রজাতির শত শত জেলিফিশ।

শুক্রবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এসব জেলিফিশ দেখতে পায় স্থানীয়রা।

তবে জীবিত অবস্থায় এসব জেলিফিশ ভেসে আসলেও সৈকতের বালুতে আটকে মারা যায় বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, শেষ বিকেলে জোয়ারের সময় এসব জেলিফিশ ভেসে আসে। পরে ভাটায় সৈকতের বালুতে আটকা পড়ে। তবে ঠিক কি কারণে এসব প্রাণীর মৃত্যু হচ্ছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

গঙ্গামতি এলাকার জেলে রিপন ঘরামী জানান, বেশ কয়েক দিন ধরে গভীর সাগরে হাজার হাজার জেলিফিশ ভাসতে দেখেছি। এগুলোকে সাধারণত আমরা সাগরের নোনা বলি।

লেম্বুর চর এলাকার অপর জেলে সাইফউদ্দিন গাজী জানান, এসব জেলিফিশ বিভিন্ন রকমের। কোনোটা চাঁদের মতো আবার কোনোটা দেখতে অক্টোপাসের মতো। অনেক সময় মাছের সঙ্গে জালে আটকা পড়ে। জীবিত থাকলে জাল থেকে সাগরে বসেই আমরা ছাড়িয়ে দেই। তবে এগুলো জালের অনেক ক্ষতি করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আওরেলিয়া আওরেটা প্রজাতির জেলিফিস দেখতে চাঁদের মতো। তাই এই প্রাণী মুন জেলিফিশ বলা হয়। তবে অপরটি দেখতে ব্যারেল প্রজাতির জেলিফিশ মনে হচ্ছে।

‘জেলিফিশ মূলত মেরুদণ্ডহীন প্রাণী। তাই এটি বাতাস কিংবা স্রোতের উল্টো চলতে পারে না। অনেক সময় খাবারের সন্ধানেও এসব প্রাণী ওপরের দিকে চলে আসে। তবে সৈকত এলাকায় কি কারণে এসব জেলিফিশ আসছে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। অনেক সময় বালুতে আটকে এসব প্রাণীর মৃত্যু হয়। তবে এগুলো কি কারণে মৃত্যু হয়েছে সেটাও বলা যাচ্ছে। জেলিফিশের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে অবহিত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত