‘বেলকুচি আ. লীগকে ধ্বংসের ছক তৈরি করা হয়েছে’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পৌর ও ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনে দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বেলকুচি উপজেলা আ. লীগ কার্যালয় চত্বরে পদবঞ্চিত নেতা কর্মীরা এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আ. লীগের পদ বঞ্চিতদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- সাবেক পৌর ৬ নম্বর ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজল।

নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কমিটি বাতিল ও পুনরায় কমিটি গঠনের দাবি জানান তারা।

এ ছাড়া কমিটিতে ‘বিএনপি জামায়াত কর্মীদের’ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন। জেলা আ. লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য মমিন মণ্ডলের পছন্দের মানুষ নিয়ে এই কমিটি করার ফলে নির্যাতিত নেতা কর্মীরা বাদ পড়েছে বলেও অভিযোগ করেন তারা।

তারা বলেন, যেভাবে আওয়ামী লীগের কমিটি করা হয়েছে তাতে বেলকুচিতে আওয়ামী লীগকে ধ্বংস করার ছক তৈরি করা হয়েছে।

দেলুয়া ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক সরকার বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের পক্ষে আমাকে নির্বাচন করতে বলা হয়েছিল, আমি তা প্রত্যাখ্যান করেছি। এবং নৌকার পক্ষে কাজ করেছি; যার প্রতিদান হিসেবে ১৭ ফেব্রুয়ারি আ. লীগের সম্মেলনে আমার সাধারণ সম্পাদক প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া যাদের বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের একজন জাতীয় পার্টি ও অন্যজন ফ্রিডম পার্টির কর্মী ছিলেন।

আব্দুর রাজ্জাককে প্রার্থী হতে না দেওয়ায় তার আর্তনাদ আহাজারি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ক্ষিদ্রমাটিয়া দক্ষিণ ২ নম্বর ওয়ার্ডের বক্কার শেখ বলেন, ১৯৭০ সাল হতে আওয়ামী রাজনীতির সঙ্গে আমি জড়িত। দীর্ঘ ৪০ বছর যাবৎ ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। স্বাধীনতা যুদ্ধে আমার বড় ভাইকে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে হত্যা করেছে। আমি একজন শহীদ পরিবারের সন্তান। আব্দুর রাজ্জাকের মতো আমাকেও একই প্রস্তাব দেয়া হয়েছিল, আমিও তা প্রত্যাখ্যান করেছি। ফলশ্রুতিতে আমার প্রার্থিতাও বাতিল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

এ বিষয়ে বেলকুচি উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক বলেন, ‘ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে এমন অভিযোগ আমাদের কাছে নেই। এমন দৃশ্য চোখেও পড়ে নাই। যারা গত উপজেলা এবং পৌর নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করেছেন তাদের মূল কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।’

তবে, উপজেলা নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য না করে এড়িয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত