যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার খবরের বিপরীতে শাকিব খান একাধিকবার জানিয়েছেন, সেখান থেকেই পরপর নির্মাণ করবেন ‘আন্তর্জাতিক মানের’ চলচ্চিত্র। কিন্তু কখন শুরু হবে প্রথম ছবির কাজ?
এ বিষয়ে বিস্তারিত না জানালেও মঙ্গলবার সংক্ষিপ্ত তথ্য দিয়েছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ও পরিচালক হিমেল আশরাফ।
বলা হচ্ছে, চলতি মাসের শেষ দিকেই শাকিবের প্রস্তাবিত সিনেমার বিস্তারিত খবর মিলবে।
শুরু থেকে শোনা যাচ্ছিল, আমেরিকা প্রবাসী হিমেল আশরাফই নির্মাণ করছেন এ ছবি। যদিও তিনি ও শাকিব মিলে ৪-৫ বছর আগে ‘প্রিয়তমা’ নামের একটি ছবির খবর দিলেও শেষ পর্যন্ত শুটিং ফ্লোরে গড়ায়নি সেটি।
হিমেল আশরাফ ফেসবুকে বলেন, ‘এসকে ফিল্মসের আমেরিকার সিনেমার নাম, নায়িকা, শুটিংসহ যাবতীয় আপডেট পাবেন ২৮ মার্চ!’
মূলত শাকিব খানের জন্মদিন উপলক্ষে ২৮ মার্চ এ ঘোষণা আসবে।
স্বভাবতই এ নিয়ে শাকিবের ভক্ত শিবিরে খুশির জোয়ার বইছে।
গত ১২ নভেম্বর ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপর সাড়ে ৩ মাস পার হতে চললেও দেশ সেরা নায়কের দেশে ফেরার নাম নেই। জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তিনি।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব অভিনীত তিন ছবি গলুই, বিদ্রোহী, লিডার আমিই বাংলাদেশ ও অন্তরাত্মা। এর মধ্যে প্রথমটি বড়পর্দা আলো করবে ঈদুল ফিতরে।
