আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। তাৎক্ষণিকভাবে স্ক্যান করিয়েছেন। স্বস্তির খবর হলো- গুরুতর কিছু ধরা পড়েনি।
তবে মুশফিকের আঙুলে ব্যথা রয়েছে। তাই প্রথম টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসেন সাংবাদিকদের বলেন, ‘চোট পাওয়ার পরপর তার আঙুলে স্ক্যান করানো হয়েছে। তবে গুরুতর কিছু দেখা যায়নি।’
‘অবশ্য সেখানে এখনো ব্যথা অনুভব করছেন। তাই রাত পর্যন্ত মুশফিককে পর্যবেক্ষণে রাখা হবে। এর পর তার অবস্থা দেখে আগামীকালের ম্যাচে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট।’
বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।
