নানা আয়োজনের মধ্যে দিয়ে বাগেরহাটে আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে পরিষদ চত্বরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মাহমুদ হাসান কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দেশ রূপান্তর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
.jpg)
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংবাদ মানুষের চোখ খুলে দেয়। সমাজের নানা অসংগতি তুলে ধরাই গণমাধ্যমের প্রধান কাজ। তারা সেই কাজটি ভালোভাবে করে চলেছে। এই ডিজিটাল বাংলাদেশে ছাপা সংবাদপত্রের টিকে থাকা এখন অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অল্প সময়ের মধ্যে নতুন এই পত্রিকাটি পাঠকের মন জয় করে সামনে এগিয়ে যাচ্ছে। এই দৈনিকটি সংবাদ পরিবেশনে নিরপেক্ষ থেকে ভবিষ্যতে আরও ভালো করবে সেই প্রত্যাশা করেন অতিথিরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক শওকাত আলী আশরাফী বাবু, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর কাজী তৌহিদুর রহমান জনি, বাগেরহাট ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তরের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক। এর আগে সকালে বাগেরহাট শহরের পত্রিকার হকারদের মিষ্টিমুখ করানো হয়।
