জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে মামুন

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১০:৪৯ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ‘দ্বিতীয় সহকারী কোচ’ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাসান আল মামুন।

এ মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে জাতীয় দলের কোচিং প্যানেলে থাকবেন ২০০৩ সালে সাফ জয়ী ডিফেন্ডার মামুন।

জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরার সহকারী হিসেবে আগে থেকেই আছেন মাসুদ কায়সার পারভেজ। মামুনকে দিয়ে সহকারী কোচ দাঁড়াল দুইয়ে।

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বুধবার বলেন, ‘আজকে আমরা ন্যাশনাল টিমস কমিটি মিটিংয়ে বসেছিলাম। সেখানে মার্চে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে। এ দুটি ম্যাচের জন্য হাসান আল মামুনকে দ্বিতীয় সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

হাসান আল মামুন ক্লাব ফুটবলে সহকারী কোচ হিসেবে কাজ করছেন গেল ক’বছর ধরেই। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। তার আগে চট্টগ্রাম আবাহনীতে কাজ করেছেন।

২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মালদ্বীপের মাঠে। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে সিলেটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত