জাবিতে ক্যাফেটেরিয়ায় শিক্ষকদের খাবারের বকেয়াই সোয়া ৩ লাখ!

আপডেট : ১০ মার্চ ২০২২, ১২:২১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিক্ষক ও বিভিন্ন দপ্তরের বকেয়া জমেছে প্রায় চার লাখ টাকা। বিভিন্ন সময়ে শিক্ষকরা খাবারের পর বিল পরিশোধ না করায় গত ১২ বছরে এই বকেয়া পাওনা জমেছে।

তবে বারবার তাগাদা দেওয়ার পরেও কিছু শিক্ষক ক্যাফেটেরিয়ার বকেয়া পরিশোধ করছেন না।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ছুটির দিন ব্যতীত শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করা হয়। তবে শিক্ষার্থীদের খাবারের আগে নির্দিষ্ট কাউন্টার থেকে টাকা পরিশোধ করে কুপন সংগ্রহ করতে হয়। তবে শিক্ষকদের ক্ষেত্রে এই নিয়ম নেই।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও শিক্ষকদের কাছে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ ৩ লাখ ৮১ হাজার ৯৯০ টাকা পাবেন। এর মধ্যে শুধু শিক্ষকদের কাছে ক্যাফেটেরিয়ার মোট পাওনা ৩ লাখ ৩২ হাজার ২৯০ টাকা। শুধুমাত্র গণিত বিভাগের একজন শিক্ষক ২০১২-১৬ সাল সময়কালের মধ্যে ৯৯ হাজার ৪৪৬ টাকা বকেয়া রেখেছেন।

এ ছাড়া শিক্ষকদের অনেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত খাবারের বিল বকেয়া রেখেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ, ট্রান্সপোর্ট অফিস, কলতান বিদ্যানিকেতনসহ বিভিন্ন অফিসের কাছে ক্যাফেটেরিয়ার পাওনা রয়েছে ৪৯ হাজার ৭শ’ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিচালিত হয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আওতায়।

টিএসসি কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় থেকে ক্যাফেটেরিয়ায় আলাদা করে কোনো ভর্তুকি দেওয়া হয় না। প্রতিদিন যা বিক্রি হয় সেই টাকা থেকেই কাঁচামাল কিনে খাবার বানিয়ে আবার বিক্রি করা হয়। অথচ এর মধ্যেই অনেক শিক্ষক খেয়ে বিশাল পরিমাণ বকেয়া করে সেই টাকা পরিশোধ করছেন না।

এ বিষয়ে জানতে চাইলে টিএসসির পরিচালক অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আর বাকি দেওয়া হয়নি। বকেয়াগুলো অনেক বছর ধরে জমেছে। এ বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত