সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা হয়ে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন শবনম বুবলী। শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আযহায় একসঙ্গে দু`টি ছবি দিয়ে অভিষেক হয় তার। এরপর একই নায়কের সাথে জুটি বেঁধে টানা বেশ কয়েকটি ছবিতে কাজ করেন। বর্তমানে শাকিবের সঙ্গে নতুন কোন ছবিতে তাকে না দেখা গেলেও অন্য নায়কদের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ‘মায়া’ নামের একটি সিনেমার কাজ করছেন তিনি। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন তিনজন নায়ক। তারা হলেন-আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান।
মায়া সিনেমার প্রসঙ্গে জানতে চাই…
এরই মধ্যে বেশ কয়েক দিন শুটিং করেছি। আরও কয়েক দিন চলবে। অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। আশা করছি, ভালো একটি সিনেমা হবে। এই প্রথম এক সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছি। তাই এ সিনেমায় নতুনভাবে আমাকে দেখা যাবে।
সম্প্রতি মুক্তি পেয়েছে আপনার ক্যারিয়ারের প্রথম ওয়েব ফিল্ম ‘টান’। সাড়া কেমন পাচ্ছেন?
এক কথায় অসাধারণ রেসপন্স পাচ্ছি। বিনোদন অঙ্গনের অনেক পরিচিতজনই তাদের ভালো লাগার কথা ফোনে জানাচ্ছেন। ফেসবুকেও অনেকে এই চলচ্চিত্রে আমার অভিনয় নিয়ে কথা বলছেন। যেখানেই যাচ্ছি, ‘টান’ নিয়ে কথা। ফেসবুকে নানা রকমের মন্তব্যে আমি রীতিমতো অনুপ্রাণিত। ভালো লাগার অনুভূতি কাজ করছে। শুধু তাই নয় যখন দেখছি অনেক সিনিয়র শিল্পীরা ফেসবুকে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন তখন ভালো কাজ করার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে। শুনে অবাক হবেন যে শুধু দেশে নয় দেশের বাইরে থেকেও অনেকেই আমাদের কাজ নিয়ে প্রশংসা করছেন। মোট কথা আমাদের প্রত্যাশার চেয়ে বেশী সাড়া পাচ্ছি।
সিয়াম আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
সিয়ামের সাথে আমার আগে তেমন পরিচিতি ছিলো না। হয়তো কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেলে তার সাথে দেখা হতো কিন্তু কখনো কথা হয়নি। সিয়ামের সঙ্গে আমার প্রথম কাজ। কাজ শুরুর আগে একটু চিন্তায় ছিলাম— প্রথম দিন তার সঙ্গে কাজ করতে গিয়ে একটু অস্বস্তি লাগছিল। যে কারোর সঙ্গেই প্রথম কাজ করতে ভয়, অস্বস্তি লাগে। কাজ করতে গিয়ে দেখলাম সহশিল্পীকে উৎসাহ দেয়ার চেষ্টা করেন, ভালো কাজে উৎসাহিত করেন তিনি। যা বর্তমান সময়ে একজন সহশিল্পী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় শুটিংয়ের শুরু দিন থেকেই আমরা একে অন্যকে চরিত্রের নাম ধরে ডেকেছি। শুধু সিয়াম নয় পুরো টিম আমাদের অবনী ও রাশেদ বলে সম্বোধন করেছে। আমি এখনো সেই অবনী হয়েই আছি। আর হ্যাঁ সিয়াম সত্যিই বেশ মজার মানুষ। সব মিলিয়ে প্রথম কাজ করে খুবই আনন্দ পেয়েছি।’
মুক্তির অপেক্ষায় রয়েছে তালাশ। তালাশে কাজের অভিজ্ঞতা কেমন?
এই সিনেমাটির কাজ শেষ। এখন মুক্তি পাবে। ছবিটি রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হচ্ছে। এতে আমার বিপরীতে অভিনয় করছেন চ্যানেল আই ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতার একে আজাদ আদর ও র্যাম্প মডেল আসিফ আহসান খান। আদর আজাদ অনেক ভালো অভিনেতা, ভালো মানুষ। সহশিল্পী হিসেবেও সহযোগিতাপরায়ণ। আরেকজন আছেন আসিফ তিনিও ভাল। যতদূর জানি আসিফ মডেলিংয়ের সঙ্গে যুক্ত। এখন সিনেমা করছেন। ওদের সঙ্গে কাজ করে ভালো লেগেছে।
রিভেঞ্জ সিনেমার কি খবর?
ইকবাল ভাইয়ের পরিচালনায় রিভেঞ্জ সিনেমায় কাজ করেছি। তিনি প্রযোজকও। ইকবাল ভাই আমাকে ছোট বোনের মতো দেখেন। আমার অভিষেক দুটি ছবির একটি হচ্ছে শুটার। সেটার প্রযোজক ছিলেন ইকবাল ভাই। পাসওয়ার্ড ছবিরও কো প্রোডিউসার ছিলেন তিনি। তখন থেকে ওনার সঙ্গে একটা পারিবারিক সম্পর্কের মতো ব্যাপার তৈরি হয়েছে। তো ইকবাল ভাই যখন ফোনে ছবিটির গল্পটা বলছিলেন তখন ভালো লেগেছিল। গল্পটা সুন্দর, এই ছবিতে আবার মিশা ভাই আছেন। উনিও আমার অভিভাবকের মতো। তো সব মিলিয়ে আমরা একটা টিম। আবার রোশানের মধ্যে ভালো কাজ করার মানসিকতা রয়েছে। সেও ভালো কিছু করেছে। সব মিলিয়ে ভাল একটি প্রজেক্ট হতে যাচ্ছে।
শাকিব খানের গণ্ডি ছাড়িয়ে এসে এখন নতুনদের সঙ্গে কাজ করছেন আপনি…
বেশ কয়েকটি ছবিতেই অন্য নায়কদের সঙ্গে কাজ করছি। এর মধ্যে একেবারে নতুন নায়করাও আছেন। শাকিব খানের বাইরে প্রথমে নিরবের সঙ্গে ক্যাসিনোতে কাজ করেছি। এরপর রোশানের সঙ্গে কাজ করলাম এখন আদর আজাদ ও আসিফের সঙ্গে কাজ করলাম। এখন সাইমন, মিলন ভাইদের সঙ্গেও কাজ করছি। শুরুর ৫/৬ বছর শাকিব খানের সঙ্গেই কাজ করেছি। সেটাও পরিচালকরা চেয়েছেন বলে। এখন পরিচালকরা অন্য নায়কদের সঙ্গেও চাইছেন, কাজও করছি। আর আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি শুধু শাকিব খান নয় যেকোনো নায়কের সঙ্গেই কাজ করব। ভালো গল্প বা চরিত্রের অপেক্ষায় ছিলাম এত দিন। এখন পাচ্ছি, কাজ করছি।
