কুড়িগ্রামের উলিপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রহমান আলী (৫৫)। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তার বাড়ি বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে, উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চর গুজিমারীতে এ ঘটনা ঘটে।
গৃহস্থ মকবুল হোসেন জানান, বুধবার রাত আনুমানিক ১টার দিকে, গভীর রাতে তার বাড়ির গোয়াল ঘরে তিন ব্যক্তি গরু চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় তিনি বোরো ক্ষেতে সেচ দিয়ে বাড়িতে ঢুকছিলেন। বাড়িতে ঢুকেই তিনি চোরের উপস্থিতি বুঝতে পারেন। এ সময় তিনি চিৎকার করে লোকজনকে ডাকলে, দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রামবাসীর হাতে আটক হন রহমান আলী (৬০) নামের একজন। এ সময় উত্তেজিত গ্রামবাসী গণপিটুনি দিয়ে তার দুই হাত ও বাম পা ভেঙে দেয়।
দুর্গম চরাঞ্চল হওয়ায় তাকে রাতে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, নিহত ব্যক্তির নাম রহমান আলী। তার বয়স আনুমানিক ৫৮ থেকে ৬০ বছর হবে। সন্দেহ করা হচ্ছে, ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে, ফুলছড়ি থানায় যোগাযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
