বরকত-রুবেলের জব্দকৃত ১২ বাসে আগুনের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৫:৫০ পিএম

দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেপ্তার হওয়া ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন পুলিশের জিম্মায় থাকা সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আদার দাবি জানানো হয়েছে।

সভায় জেলা প্রশাসক অতুল সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

অর্থপাচার মামলার আদালতের মাধ্যমে সাউথ লাইন পরিবহনের মোট ২২টি বাস আলামত হিসেবে জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা। জব্দ করা বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল জেলা পুলিশের। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ১২টি বাস আগুনে পুড়ে যায়।

গত শনিবার রাতে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বাদী হয়ে বাস পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নাশকতা উল্লেখ করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

এ ছাড়া ফরিদপুরের পুলিশ সুপার রবিবার এ ঘটনার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

এ কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. ইমদাদ হোসেনকে। কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে গঠিত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বাস পুড়িয়ে দেওয়ার ঘটনাটি তদন্তকাজ শুরু হয়েছে। এ বাসগুলোর নিরাপত্তায় নিয়োজিত নৈশপ্রহরী শেখ মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত