মঙ্গলবার গণভবনে ১৪ দলীয় জোটের বৈঠক, যাচ্ছে না জাসদের একাংশ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৮:৫৫ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে রাগ-ক্ষোভ ও মান অভিমান দূর করতে জোট নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১১ টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ১৪ দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের কয়েক জন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে এই বৈঠকে অংশ নিচ্ছেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

আওয়ামী লীগ শরিকদের গুরুত্ব দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন জোটের নেতারা। বিভিন্ন সময় জোটকে নিষ্ক্রিয় বলে দাবি করে গণমাধ্যমে নিজেদের অবস্থানও তুলে ধরেছিলেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করতে জোট নেত্রীর সঙ্গে বৈঠকের দাবিও ছিল তাদের।

তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় জোটের নেতাদের ক্ষোভ প্রশমন করে ঐক্যবদ্ধ কর্মসূচি নির্ধারণেই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

এদিকে, ১৪ দলীয় জোট বর্তমানে কার্যকর নয় দাবি করে বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছেন জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৪ দলীয় জোটের নেতাদের ডেকেছেন শুনেছি। আমাকেও ফোন করা হয়েছিল। আমরা তো ১৪ দল কনটিনিউ করার পক্ষে না। এটা এখন অতীত। জোটে বাকি যারা আছেন, তারা হয়তো কৌশলে কিংবা নগ্নভাবে চাটুকারিতার মধ্যে আছে। আমরা যাচ্ছি না।

অনেক দিন ধরেই জোটের কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন না বলে জানান আম্বিয়া। তিনি বলেন, ১৪ দলীয় জোট এখন অতীত। বর্তমানে এটার কোন ফাংশন নাই। দিবস উদ্‌যাপন করা তো ফাংশন না। যে কারণে এই জোট করা হয়েছে, সেটা এখন বাস্তবায়ন হয় না। সরকারে থেকে কে কীভাবে ক্ষমতার অপব্যবহার করবে সেটাই চলছে। 

মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান জোটের শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তিনি বলেন, গত নির্বাচনের আগে বৈঠক হয়েছিল। দীর্ঘদিন পরেই বৈঠক হবে। সেখানে দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।

 

জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু দেশ রূপান্তরকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভবনে সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিন বছর কোনো সাক্ষাৎ নাই।

ইনু বলেন, প্রধানমন্ত্রী ডেকেছেন। বাকিটা বৈঠক শেষে জানা যাবে। ঐক্য মজবুত করতে জোটের নেত্রীর সঙ্গে আমাদের বৈঠক গুরুত্বপূর্ণ।

জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, গণভবনে জোট নেত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং আমাদের জোটের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন। দেশের সামগ্রিক পরিস্থিতি, ১৪ দলের সাংগঠনিক, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত