চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা

জামালপুরে গ্রেপ্তার স্বপনের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২:১০ এএম

জামালপুরের মেলান্দহে সম্ভ্রমহানির শিকার হয়ে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম আহাম্মেদ স্বপনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুরে মেলান্দহের পূর্ব শাহাজাতপুর গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১০ মার্চ মেলান্দহ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আশামণিকে কৌশলে ডেকে নিয়ে সাধুপুর কান্দারপাড়ায় একটি বাড়িতে দিনভর আটকে রেখে ধর্ষণ করে তামিম আহাম্মেদ স্বপন নামে এক বখাটে। অপমান সইতে না পেরে বাড়ি ফিরে স্বপনকে অভিযুক্ত করে চিরকুট লিখে আত্মহত্যা করে আশামণি। এ ঘটনায় অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগীরা এখনো গ্রেপ্তার হয়নি। বক্তারা অবিলম্বে স্বপনের সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি দ্রুত স্বপনের ফাঁসির দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত