বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তিযোদ্ধার সন্তানকে মেয়র মারলেন ঘুষি, পেটাল ছাত্রলীগ!

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১০:১১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর মঞ্চে খাবার চাওয়ায় এক মুক্তিযোদ্ধার সন্তানকে ঘুষি মারার অভিযোগ উঠেছে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার বিরুদ্ধে।

মেয়রের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরাও ওই যুবককে পেটাতে পেটাতে মঞ্চ থেকে নামিয়ে দেন।

এ ছাড়া যুবককে ঘুষি মারার সময় গোলাম কবির মোল্লা বলতে থাকেন ‘ব্যাটা তুই মুক্তিযোদ্ধার সন্তান তাই কি হয়েছে? মেরে ধামরাই থেকে বের করে দেবো।’

বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও ও ছবিতে দেখা যায়, পাঞ্জাবি পরা ওই যুবকের ঘাড়ের ওপরের কলার ধরে রেখেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। আর সামনের কলার ধরে তাকে পেটে ঘুষি মারছেন পৌরমেয়র গোলাম কবির মোল্লা। এ সময় হাতজোড় করে যুবককে নিজেকে ছাড়িয়ে নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও খাবার বিতরণের জন্য ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সেখানে খাবার কম পরায় ওই যুবক বিষয়টি মেয়র গোলাম কবির মোল্লাকে জানাতে মঞ্চে ওঠেন। এ সময় খাবার না পাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে মেয়র যুবককে কলার ধরে ফেলেন। একই সময় ওই যুবককে পেছন থেকে ধরে ফেলেন সারোয়ার মাহবুব তুষারও। পরে দুজনই তাকে মারতে থাকেন। এ ছাড়া মেয়র ছেড়ে দেয়ার পর মঞ্চ থেকে নামিয়েও যুবককে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আবুল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ভুক্তভোগী খাবার কম পড়ার কথা বলতে গিয়েছিলেন। কিন্তু কিছু না শুনেই মেয়র তাকে মারতে শুরু করেন।

তার সঙ্গে আসা খাবার না পাওয়া অপর নারী বলেন, আমরা অনেক দুর থেকে সকাল বেলা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আসি। দুপুরে অনেককে খাবার দেয়া হলেও আমরা পাইনি। বিষয়টি মেয়রকে জানানো হলে উল্টো মেয়র নিজেই কলার ধরে কিল-ঘুষি মেরে মঞ্চ থেকে নামিয়ে দিলেন।

মারধরের বিষয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষারকে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।

জানতে চাইলে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নাই।

প্রসঙ্গত, ধামরাই পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির মোল্লা সব সময় অল্প বিষয়ে রেগে যান এবং মানুষের খারাপ ব্যবহারসহ মারধর করে থাকেন। এর আগেও একজন সংবাদকর্মী পৌরসভার রাস্তার বেলাল দশা নিয়ে মেয়রকে প্রশ্ন করলে তাকে মারধরের হুমকি দেন।

এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কিছুদিন নীরব ছিলেন গোলাম কবির মোল্লা। তবে তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি না হওয়ায় তিনি দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী অনেকেই।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত