সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পিটুনিতে নিহত যুবক

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০২:২৫ এএম

গাইবান্ধা সদর উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সাখাওয়াত হোসেন (২০) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামে ডাকাত ঘোষণা দিয়ে তাকে পেটায় স্থানীয়রা। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে রেখে যায় তারা। সকালে সেখানেই মৃত্যু হয় সাখাওয়াতের।

সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত সাখাওয়াত হোসেন গাইবান্ধা পৌরসভার সরকারপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় তার সাবেক স্ত্রী শিউলী বেগম ও শিউলীর বর্তমান স্বামী বায়েজিদ ইসলামকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, দুই বছর আগে সাখাওয়াত হোসেনের সঙ্গে সদরের খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। এরপর দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় বিবাহবিচ্ছেদ হয়। এক বছর আগে একই গ্রামের বায়েজিদ ইসলামের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হয় শিউলীর। কিন্তু এরপরও প্রথম স্বামী সাখাওয়াত সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শিউলীর। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে সাখাওয়াত হোসেন শিউলীর সঙ্গে দেখা করতে গেলে বায়েজিদ ও তার পরিবারের লোকজন ডাকাত বলে চিৎকার করে সাখাওয়াত হোসেনকে মারধর শুরু করেন। তখন গ্রামবাসীও যোগ দেয় তাদের সঙ্গে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে রেখে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত