শরীয়তপুরে যুবকের হামলায় মাদ্রাসাছাত্রী গুরুতর আহত

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১:২২ এএম

শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে আহত করেছে জাহিদুল ইসলাম নামের এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালের চিকিৎসকেরা ঢাকা পাঠিয়েছেন।

আহত ছাত্রীর পরিবারের অভিযোগ, উত্ত্যক্তকারী জাহিদুল এ হামলা করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মাদ্রাসাছাত্রীর বাড়ি চরপালং গ্রামে। আর জাহিদুল ইসলাম (১৮) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জাগির গ্রামের মজিবুর রহমানের ছেলে। দুজনই স্থানীয় মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, ওই ছাত্রীর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ওই মাদ্রাসাছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করতো জাহিদ। সোমবার তার বিয়ে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী নিজ ঘরে মোবাইলে কথা বলছিল। হঠাৎ জাহিদুল ধারালো ছুরি দিয়ে পেছন থেকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। তার চিৎকার শুনে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন।

এ সময় জাহিদুলকে ওই ছাত্রীর পরিবার ও আশপাশের লোকজন আটক করে গণধোলাই দেয়। পরে পালং মডেল থানার পুলিশ এসে জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।

জাহিদুল ১০ বছর যাবৎ শরীয়তপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কারাভোগ গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে, তদন্ত চলছে। ওই ছাত্রী ও জাহিদ আহত অবস্থায় চিকিৎসাধীন। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত