তাড়াশে বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজের পোস্টার লাগিয়ে বিকৃতি, আটক ১

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৩:০৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত ম্যুরালে বঙ্গবন্ধুর মুখের ওপর ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে বিকৃত ও অবমাননা করার অভিযোগে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক মো. রেজাউল ইসলাম (৪০) পৌর এলাকার দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশ জানান, ২৬ মার্চ বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা শাখার আয়োজনে পশ্চিমপাড়া ফাজিল মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে চরমোনাই পীর সাহেবের অনুসারী মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেবকে প্রধান বক্তা করা হয়েছে। এ মাহফিলের প্রচারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। একটি পোস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে লাগিয়ে বিকৃতি ও অবমাননা করা হয়েছে। এই অভিযোগে রেজাউল করিমকে আটক করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ মুজাহিদ তাড়াশ উপজেলা শাখার সদস্য ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য মাওলানা মো. আবুল কাশেম জানান, ওয়াজ মাহফিল উপলক্ষে উপজেলা জুড়ে পোস্টার লাগানো হয়েছে। এর একটি পোস্টার কে বা কারা বঙ্গবন্ধুর ম্যুরালে লাগিয়েছে তা আমরা অবগত না।

এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার জানান, ম্যুরালে পোস্টার লাগিয়ে বিকৃত ও অবমাননা করায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাড়াশ থানার ওসিকে অবগত করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, ম্যুরালে পোস্টার লাগানোর অভিযোগ পেয়ে ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত