প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কলাপাড়ায় প্রস্তুত ২২০ সু-সজ্জিত নৌকা

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০১:৫১ পিএম

উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনাচারণ, নদী-খাল-সাগরভিত্তিক জীবিকা ও অর্থনীতিকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুত করা হয়েছে ২২০টি নৌকা।

বরিশাল চারুকলা ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থীর রং-তুলির ছোঁয়ায় নানা রঙে সজ্জিত হয়েছে এসব নৌকা। ২১ মার্চ জয়ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রতিটি নৌকায় থাকবে বাহারী রঙের পোশাক পরিহিত ২ জন করে মোট ৪৪০ জন জেলে।

সারিবদ্ধ করে রাখা হবে এসব নৌকা সাগর মোহনার রাবনাবাদ নদী তীরে দেশের প্রথম কয়লা ভিত্তিক পায়রা ১৩শ’ ২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর জেটি সংলগ্ন এলাকায়। এর মধ্যে ১০০ নৌকা থাকবে পালতোলা, ১০০ নৌকায় থাকবে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ফেস্টুন এবং বাকি ২০টি নৌকায় থাকবে নিরাপত্তাকর্মীরা।

২১ মার্চ পটুয়াখালীর কলাপাড়ায় দেশের প্রথম ও সর্ববৃহৎ পায়রা ১৩শ’ ২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

image

প্রধানমন্ত্রীকে বরণে উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে বরিশাল চারুকলা বিদ্যালয়ের ১০ জন শিল্পী স্থানীয় ৩৫ জন রং মিস্ত্রিসহ সহকারীর সহায়তায় ৪ দিনে এ নৌকাগুলো সাজসজ্জার কাজ শেষ হয়েছে।

লাল, সবুজ, নীল এবং হলুদ রঙের ব্যবহার হলেও কালো রং এসব নৌকায় ব্যবহার করা হয়নি।

ট্যুরস অপারেটর প্রতিষ্ঠান জলতরনী’র স্বত্বাধিকারী আরিফ রহমান জানান, নৌকাগুলো প্রস্তুতে স্বেচ্ছাসেবক হিসেবে চারুকলা শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করেছি। শিক্ষার্থীর হাতের নিপুণ ছোঁয়ায় নৌকাগুলো মনোরম সাজে সজ্জিত হয়েছে। এসব নৌকা থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হবে রাবনাবাদ চ্যানেল।

বরিশাল চারুকলা বিদ্যালয়ের প্রধান শিল্পী তাপস কর্মকার জানান, দিনরাত মিলিয়ে ৪ দিনের শ্রমে নৌকাগুলোর আলপনার কাজ শেষ হয়েছে।

পটুয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স জানান, ২১ মার্চ পায়রা ১৩শ’২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিন উপকূলের মানুষের জীবনযাত্রা তুলে ধরতেই এ নৌকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত