ছলচাতুরী করে সরকারের শেষ রক্ষা হবে না: নজরুল ইসলাম খান

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৩:১২ পিএম

দেশে, গণতন্ত্র, সামাজিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এবার ছলচাতুরী করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, আজকের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে কেবল একজন ব্যক্তিকে সম্মান জানানোর আয়োজন চলছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের দোতলায় সেমিনার কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭১‘র ২৩ মার্চ বৃহত্তর দিনাজপুরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের স্মরণে ও স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাগপা।

নজরুল ইসলাম খান বলেন, মরহুম শফিউল আলম প্রধান ছিলেন অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ নেতা। তার অবদান অনস্বীকার্য। তিনি ২৩ মার্চ বৃহত্তর দিনাজপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। যদিও সেদিন ছিল পাকিস্তানের পতাকা উত্তোলন দিবস। শফিউল আলম প্রধান সেদিনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নিজ জেলা দিনাজপুরে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। অথচ তখনো পাকিস্তান বাহিনী সক্রিয়। কিন্তু আমরা সেদিনটাকে মনে রাখিনি।

তিনি বলেন, শুধু কি তাই জাতি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাও মনে করতে পারে না। কিন্তু সে তো ইতিহাস। স্বাধীনতা আন্দোলনের পেছনে মওলানা ভাসানী বা শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি অস্বীকার করা যাবে? যুদ্ধকালীন সময় জিয়াউর রহমানের অবদান কি করে ভোলা যায়?

নজরুল ইসলাম খান বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম আজও তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে গণতন্ত্রের জন্য। সেটা আজ কোথায়? গণতন্ত্রের বাহন হলো সুষ্ঠু নির্বাচন। কিন্তু আমাদের নির্বাচনকে কেউ সুষ্ঠু বলে না।

নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এখন জিনিসের দাম এমন যে, হালাল উপার্জন করে খেয়ে পড়ে টিকে থাকা দায়। তার ওপর তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে। তারা (সরকার) বলছে বিশ্ববাজারে দাম বেড়েছে। তো বিশ্ববাজারে যখন দাম কমে তখন কী আপনারা দাম কমান? দাম বাড়ার আগেই যে বাড়তি দামে বিক্রি করেছেন তাহলে সেই টাকা ভর্তুকি দেন। কিন্তু তারা তা করে না। কারণ সরকারের লোকেরা দুর্নীতিবাজদের সাথে মিশে আছে। তারা তাদের থেকে ভাগ পায়। এমতাবস্থায় আমাদেরকে শফিউল আলম প্রধানের মতো সংগ্রামী মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের এহসানুল হুদা, ইসলামিক পার্টির আবু তাহের প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত