প্রক্টর-ছাত্রউপদেষ্টার সামনে রাবিতে বাম ছাত্রনেত্রীকে হেনস্তা করল কর্মচারী

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৬:৫১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং ছাত্র উপদেষ্টা তারেক নূরের সামনে এক ছাত্রনেতাকে ধাক্কা মেরেছেন বিশ্ববিদ্যালয়ের এক পরিবহন কর্মচারী।

সোমবার সকালে বামজোটের ডাকা অর্ধদিবস হরতাল পালনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুনকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির লিফলেট বিতরণ করছিলেন বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। এ সময় তারা পরিবহন কর্মকর্তার কাছে হরতালের সমর্থনের জন্য বাসগুলোকে বন্ধ রাখতে বলেন। বাসগুলো নির্দিষ্ট সময় যেতে না পারায় কর্মকর্তা-কর্মচারীরা তাদের উদ্দেশ্য করে জামায়াত-শিবিরের মদদে বিশ্ববিদ্যালয় উত্তেজিত করতে এসব কর্মকাণ্ড করছে বলে গালি দিতে থাকেন। এ সময় প্রক্টরের উপস্থিতিতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও বাস কর্মচারীরা।

রাবি সমাজতান্ত্রিক ছাত্র শাখার আহ্বায়ক রিদম শাহারিয়ার বলেন, সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল বাম জোটের সমর্থনে আমাদের কর্মসূচি পালনের সময় প্রক্টর ও ছাত্র উপদেষ্টার সামনে হামলা করেন পরিবহনের কর্মচারীরা। এ সময় আমরা কয়েকজন আহত হই।

তবে হাতাহাতির ঘটনা অস্বীকার করে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, প্রগতিশীল জোটের নেতা কর্মীরা সকালে ক্যাম্পাসের বাসগুলো চলাচলে বাধা দেয়। যেহেতু বিশ্ববিদ্যালয়ে এখন ক্লাস ও পরীক্ষা চলমান, তাই তাদের আমরা বাসগুলো চলাচলে বিঘ্ন ঘটাতে নিষেধ করি। পরে তাদের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিই। এখানে হাতাহাতি বা ধাক্কাধাক্কির কোনো ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত