ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২

বাংলাদেশের ২০ লাখ শিক্ষার্থীকে ১৭০০ কোটি টাকার টিকিট স্পনসর

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:২২ পিএম

ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২- এ বাংলাদেশি ২০ লাখ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রকে টিকিট স্পনসর করবে বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান মাইক্রোফটসহ অন্যান্য আন্তর্জাতিক বৃহৎ কোম্পানিসমূহ।

ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে।

বাংলাদেশের ২০ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য টিকিট স্পনসর করতে যাচ্ছে মাইক্রোসফট, আমাজন, গুগল ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ। যার আর্থিক মূল্য প্রায় ১৭০০ কোটি টাকা।

সোমবার দুপুর দুইটায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ এর হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নর্দান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান ও কটলার ইমপ্যাক্ট এর উপদেষ্টা প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, বিশ্বব্যাপী বিপণন (মার্কেটিং) শাস্ত্রের বিশ্ব গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার ও তার প্রতিষ্ঠানের উদ্যোগে নভেম্বর মাসের ৬ ও ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২। যার উদ্যোক্তা প্রফেসর ফিলিপ কটলার। এই প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে সফলতার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কেটিং সংক্রান্ত অনুষ্ঠান করে আসছে। এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী মার্কেটিং সংক্রান্ত ধারণা দেওয়া, সচেতনতা গড়ে তোলা এবং আধুনিক মার্কেটিং সম্পর্কে অবগত করা, যার ফলে দারিদ্র্য বিমোচন, ব্যবসার প্রসার, স্বাস্থ্য ও পরিবেশের উন্নতি সাধন করা যায়।

তিনি আরও বলেন, এ বছর থেকে সামিটটি আরো বেশি গুরুত্ব বহন করবে। কারণ আগামী, ১০ বছরে পৃথিবীর আগামী প্রজন্মের ১০০ কোটি তরুণকে উন্নত পৃথিবী বিনির্মাণে উদ্যোগী করে তোলার জন্য এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এ বছর বাংলাদেশের ২০ লক্ষ ছাত্রকে টিকিট স্পনসর করবে মাইক্রোসফটসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ। যার আর্থিক মূল্য প্রায় ১৭০০ কোটি টাকা।

র্নদান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ আরো বলেন, আজকের এই প্রেস কনফারেন্সে আমরা আনন্দের সঙ্গে আরো একটি সুখবর জানাতে চাই। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কটলার ইমপ্যাক্ট ইনকোরপোরেটেড যৌথভাবে বিশ্বমানের অ্যাসেনশিয়াল মডার্ন মার্কেটিং বই প্রকাশ এবং কটলার বিজনেস স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ইতিমধ্যে কটলার ইমপ্যাক্ট এবং নর্দান এডুকেশন গ্রুপের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড এর সিইও ড. ফাহিম কিবরিয়া বলেন, এবারের ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২২’এ বাংলাদেশি ২০ লক্ষ ছাত্রছাত্রী অংশ গ্রহণ করার ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। এই সামিটে অংশ গ্রহণ করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেদের আরো বেশি যোগ্য করে তুলতে পারবে বলে আশা করছি যা এ দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করবে। বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি শুভ কামনা।  

এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব.) বিএন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এবং দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত