আরেকবার হৃদয় ভাঙল মিশরের। সেনেগালের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপে টাইব্রেকারে হেরে যাওয়ার পুনরাবৃত্তি ঘটল বিশ্বকাপ বাছাইপর্বেও।
এবারও লিভারপুল সতীর্থ মোহামেদ সালাহকে কাঁদালেন সাদিও মানে। পেনাল্টি শ্যুটআউটে জয়সূচক গোল করে সেনেগালকে ২০২২ বিশ্বকাপের টিকিট এনে এনে দিলেন তিনি। অন্যদিকে স্পট-কিক মিস করেছেন সালাহ।
প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে ফিরতি লেগে ম্যাচের চতুর্থ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে ‘ফারাওরা’। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও আর গোলের দেখা পায়নি কেউ। শেষপর্যন্ত টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে বিশ্বকাপ নিশ্চিত করে সেনেগাল।
পেনাল্টি শ্যুটআউটে প্রথম স্পট-কিকে গোল করতে ব্যর্থ হন সেনেগালিজ সেন্টারব্যাক কালিদু কৌলিবালি। মিশরের হয়ে প্রথম শটে গোল করতে পারেননি সালাহ। গোলের সময় তার মুখে লেজার রশ্মি ফেলে সেনেগালের দর্শকরা। সালাহর শট উড়ে যায় গোলপোস্টের ওপর দিয়ে।
তৃতীয় শটে জাল খুঁজে নেন সেনেগালের ইসমাইল সার। পরের শটে সোলেয় সমতায় ফেরান মিশরকে। চতুর্থ শটে ব্যবধান ২-১ করেন সেনেগালের বাম্বা দিয়েং। পরবর্তী শটে লক্ষ্যভেদে ব্যর্থ হন মিশরের মোস্তাফা মোহাম্মদ। পরে শট করতে এসে গোল করেন মানে। ৩-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় সেনেগালের।
