‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরব বয়ে এনেছেন ১৭ বছর বয়সী কিশোরী সুহানা রহমান সুকন্যা। সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’।

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

প্রয়াত ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসের স্মৃতি ও মানবিক দর্শনকে ধারণ করে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় দ্য ডায়ানা অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তন, মানবিক উদ্যোগ, নেতৃত্ব এবং কমিউনিটির উন্নয়নে অসাধারণ অবদান রাখা তরুণদের এ সম্মাননা দেওয়া হয়। পুরস্কারটি শুধু ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দেয় না, বরং তরুণদের নেতৃত্বে ইতিবাচক সামাজিক পরিবর্তনের গুরুত্বও তুলে ধরে। বিশ্বের বিভিন্ন দেশের কিশোর-কিশোরী ও তরুণদের কাজকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুহানা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করা উদ্যোগ ‘টক হোপ’-এর সঙ্গে যুক্ত। তিনি এ উদ্যোগের চাইল্ড কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। টক হোপের মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করা, কিশোর-কিশোরীদের আবেগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনের সময় সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করা।

এ উদ্যোগের আওতায় স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সহমর্মিতাপূর্ণ পরিবেশ তৈরি এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, আবেগ প্রকাশ এবং সংকটের সময়ে সহায়তা চাওয়ার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন সুহানা। কুমিল্লা জেলায় জন্ম নেওয়া সুহানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ছাপাখানা দপ্তরের সিনিয়র স্টোর অফিসার মুহাম্মদ শোয়েবুর রহমান ও খালেদা সুলতানার বড় মেয়ে। তার এক ভাই ও এক বোন রয়েছে। তিনি সবার দোয়াপ্রার্থী।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত