ফুটপাতে চাঁদা আদায় নিয়ে যুবলীগের দু’পক্ষে গোলাগুলি

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৫:১৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাতে বসা দোকান থেকে চাঁদাবাজিসহ এলাকার আধিপত্যকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে এলাকার বেশ কিছু বাড়িঘর।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন ভুঁইয়ার সঙ্গে একই ইউনিয়নের আরেক যুবলীগ নেতা কামাল হোসেনের বিরোধ চলে আসছিল। কামালের সমর্থকরা গোলাকান্দাইল নতুন বাজারের গার্মেন্টস এলাকায় ফুটপাতের দোকান থেকে নিয়মিত চাঁদাও আদায় করে আসছে। সম্প্রতি আল-আমিনের লোকজন সেই ফুটপাত থেকে চাঁদা আদায় শুরু করে। এর জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আল-আমিন গ্রুপ ও কামাল গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে দুইপক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। ঘটে গোলাগুলির ঘটনাও।

স্থানীয়দের অভিযোগ, এ দুই গ্রুপের কারণে সাধারণ মানুষ অতীষ্ট হয়ে পড়েছে। কয়েক দিন পরপরই তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। অথচ বলাইখা ও আশপাশের এলাকায় পুলিশ অস্ত্র উদ্ধারে কোনো অভিযান চালায় না। যে কারণে দিন দিন দুইপক্ষের লোকজনই বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনার পর মঙ্গলবার রাতেই অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায় পুলিশ। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত