নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রূপসী গার্মেন্টসের শ্রমিকেরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন তারা। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেনি শ্রমিকেরা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ বলেন, রূপসীর শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আছে তাদের। আমরা শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছি। মালিক পক্ষ ৭ তারিখের আগে বেতন দিতে পারবে না বলে জানিয়েছে তবে শ্রমিকেরা তা মানছে না।
শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতি মাসেই এমন হয়। কখনো ২৫ তারিখের আগে বেতন হয় না। এবার দুই মাস পার হলেও বেতনের খবর নেই। ঘরে খাবার নেই, আবার রোজা শুরু ৩ তারিখ থেকে, এর মধ্যে বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। বেতন না দিলে চলাই মুশকিল হয়ে পড়ছে।
এদিকে গাড়ি বন্ধ থাকায় এ পথে চলাচলকারী যাত্রীরা গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়েছে।
রাস্তায় যানবাহন না পেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
