মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবারের স্বীকৃতি না পাওয়ায় প্রেমিক যুগল বিষপান করে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে এ ঘটনা ঘটেছে।
বাগান শ্রমিকেরা জানান, দলই চা বাগানের লছমিপাড়া এলাকার বিপুল সাঁওতালের (২০) সঙ্গে একই বাগানের নতুন লাইনের গীতা মাদ্রার্জীর (১৬) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লে গীতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
গত ফেব্রুয়ারি মাসে গীতাকে স্ত্রী হিসেবে নিজ বাড়িতে নিয়ে আসেন বিপুল। কিন্তু বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে না পারায় এ নিয়ে প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া হতো।
শনিবার সকালে অভিমান করে এ প্রেমিক যুগল (বিপুল ও গীতা) সকলের অজান্তে বিষপান করেন। এ ঘটনায় দলই চা বাগান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
সকালে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে গীতা মারা যায়। পরে সিলেট হাসপাতালে নেয়ার পথে বিপুলেরও মৃত্যু হয়।
দলই চা বাগান পঞ্চায়েত কমিটির সম্পাদক সেতু রায় জানান, কি কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিল তা বলতে পারব না।
তবে মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য শিবনারায়ণ শীল জানান, ‘মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল। মাস খানিক ধরে মেয়েটি ছেলের বাড়িতেই অবস্থান করছে।’
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘মৌলভীবাজার সদর হাসপাতালেই দুজনের ময়নাতদন্ত হবে। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
