ঢাকার সাভারে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক আল-আমিন হাসান লাইমের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় গত রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এর আগে গত ১ এপ্রিল রাত আড়াইটার দিকে সাভারের রাজাশন বিরুলিয়া রোডের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মামলার পর ওই মাদ্রাসা শিক্ষক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ওই মাদ্রাসায় ভুক্তভোগী শিশু আবাসিকে থেকে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। ওই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশোনা করে আসছিল মাওলানা আল-আমিন হাসান। গত ১ এপ্রিল রাত আড়াইটার দিকে আবাসিকের দ্বিতীয় তলায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে যৌন নির্যাতন করে। পরদিন বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে ওই শিশু। পরে রবিবার রাতে সাভার মডেল থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।
