সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুট গ্রামের দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
দলটি বলেছেন, ইতিপূর্বেও কৃষকের আত্মহত্যার ঘটনায় প্রতীয়মান হয় যে, সরকারের দুর্নীতি ও দলীয়করণের কারণে কৃষকরা আজকে আত্মহত্যা করছে। এ জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন লাগাতার বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতায় তীব্র সমালোচনা করা হয়। একই সঙ্গে মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন স্থায়ী কমিটির সদস্যরা।
এতে বলা হয়, গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন সরকারের মন্ত্রী, উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিদের ব্যবসায়িক সুবিধা ও মুনাফার সুযোগ সৃষ্টি করার জন্যই অযৌক্তিক ভাবে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। সভায় অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য বাতিল করে সহনীয় পর্যায়ে মূল্য নির্ধারণের দাবি জানানো হয়।
ইলিয়াস আলীর গুমের ১০ বৎসর অতিক্রম করেছে জানিয়ে এতে বলা হয়, ইলিয়াস আলীসহ সকল গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের স্মরণে ঢাকা ও সংশ্লিষ্ট জেলা শহরে আলোচনা সভা অনুষ্ঠান করার জন্য মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জুামানকে দায়িত্ব দেওয়া হয়।
স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
