চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া (২৮) নামের এক কাভার্ডভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বড় দারোগারহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হলে সড়কের পাশে দাঁড়িয়ে এটি সারাচ্ছিলেন গাড়ির লোকজন।
এ সময় পেছন দিকে থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ধাক্কা দেওয়া গাড়ির চালকের সহকারী নিহত ও চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম কুমিরা হাইওয়ে পুলিশের সহায়তায় সহকারীর লাশ উদ্ধার ও আহত চালককে চমেক হাসপাতালে প্রেরণ করে।
আবেদনের প্রেক্ষিতে সহকারীর লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আবদুল্লাহ।
এদিকে একই দিন বিকেলে উপজেলার পৌর সদরে প্রাইভেট কারের ধাক্কায় শামিমা আক্তার (১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক কিশোরী নিহত হন। তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মনির আহমেদের মেয়ে।
