দিনাজপুরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ২ পাচারকারী আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:৩৮ পিএম

দিনাজপুরে অভিযান চালিয়ে ৭৯ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে র‌্যাব দিনাজপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ওই দিন সকালে দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণু মূর্তিসহ ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ৫০ বছর বয়সী রণজিৎ দাস ও ৪৮ বছর বয়সী ওয়াহিদুর রহমান। আটক রণজিৎ গুঞ্জাবাড়ী ও ওয়াহিদুর উপশহর ৫নং ব্লকের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গুঞ্জাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণু মূর্তিসহ রণজিৎ ও ওয়াহিদুরকে আটক করা হয়। জব্দকৃত কষ্টি পাথরের মূর্তিটির মূল্য ৬৪ লাখ টাকা বলে জানা গেছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ২ জন বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃত ২জনকে কোতোয়ালি থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত