জন্মনিবন্ধনের ভুল সংশোধনেও হয়রানি হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৮:৪৩ পিএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাধারণ ভুল সংশোধন করতেও লোকজনকে হয়রানির শিকার হতে হচ্ছে। জন্মনিবন্ধন ইদানীং খুব ‘বার্নিং ইস্যু’ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ একটা ভুলের জন্য মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়রানি হতে হচ্ছে।’ 

তিনি বলেন, ‘জন্মনিবন্ধন প্রাপ্তিতে যেকোনো স্তরে জনগণকে কোনো ধরনের হয়রানি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কাজে যুক্ত থাকে, প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তাজুল ইসলাম এসব বলেন। 

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল ইসলাম, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের মহাপরিচালক পলাশ কান্তি বালা এবং দেশের সব সিটি করপোরেশনের প্রতিনিধি, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে দূতাবাসগুলো থেকে অনেক অভিযোগ আসে। নানা জটিলতার কারণে নিবন্ধন-সংক্রান্ত সেবা লোকজন পাচ্ছে না। এভাবে চলতে পারে না। যেসব কারণে হয়রানি হচ্ছে, তা খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষ যাতে হয়রানি অথবা দীর্ঘসূত্রতার শিকার না হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। 

মন্ত্রী বলেন, জন্মনিবন্ধন হলো একজন মানুষের মূল ভিত্তি। জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে সহজ করার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা জন্ম তারিখ, পিতা-মাতার নামসহ অন্যান্য তথ্য সগ্রহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ইউপি চেয়ারম্যানরা মাসিক সভায় এ-সংক্রান্ত বিশদ আলোচনা করে কার্যকর পদক্ষেপ নিতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত