ঘুষ লেনদেনের মামলায় বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত পুলিশের বরখাস্তকৃত ডিআইজি (উপ-মহাপরিদর্শক) মিজানুর রহমান উচ্চ আদালতে জামিন পেয়েছেন। গতকাল বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ মিজানকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
এ মামলায় জামিন পেলেও মিজানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে দেশ রূপান্তরকে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে মিজানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব শফিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইজীবী মো. খুরশীদ আলম খান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মিজানুর রহমান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্নাসহ চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ২৪ জুন মামলা করে দুদক।
