রূপপুর প্রকল্পে কর্মরত বেলারুশের নাগরিকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৬:০৭ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ইভানু মাকসিম (৫১) নামে এক বেলারুশের নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি আবসিক ভবনের নিজ কক্ষে মাকসিমের লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মাকসিম নির্মাণাধীন প্রকল্পে রুইনওয়াল্ড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি আবাসিক এলাকার ১ নম্বর ভবনের ১৫ তলার ১৫২ নম্বর কক্ষে থাকতেন।

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, রাতে মাকসিম নিজ কক্ষেই ছিলেন। সকাল সাতটায় তার কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি কাজে না যাওয়াতে পাশের কক্ষের এক সহকর্মী তার কক্ষে খোঁজ নিতে যান। এ সময় তিনি মাকসিমকে নিজের খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি প্রকল্প কর্মকর্তাদের জানালে তারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, অচেতন অবস্থায় নিজের বিছানায় পড়ে ছিলেন মাকসিম। পরে চিকিৎসকেরা এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রকল্পের চিকিৎসকদের ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় তাঁর লাশ নিজ দেশে পাঠানো হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত