নোয়াখালীতে শিশুকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৩

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৭:১১ এএম

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু নিহতের ঘটনায় আরও দুজনকে আটক করেছে পুলিশ। এই নিয়ে তিনজনকে আটক করল পুলিশ। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের এমাম হোসেন স্বপন (৩০), লতিফপুর গ্রামের জসিম উদ্দিন বাবর (২৩) ও একই গ্রামের দাউদ হোসেন রবিন (১৭)।

বুধবার বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান নামক স্থানে মাওলানা আবু জাহের (৩৭) ও তার কোলে থাকা চার বছরের শিশু জান্নাতুল ফেরদৌস তাসফিয়াকে গুলি করে সন্ত্রাসীরা। আবু জাহের উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাসেদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

এদিকে গুলিতে নিহত শিশু জান্নাতের মরদেহ ময়নাতদন্ত শেষে বাড়িতে পৌঁছলে স্বজনরা তার মরদেহ নিয়ে চৌমুহনী-ফেনী সড়কের সোরেগোপুল এলাকায় অবরোধ করে। এসময় তারা শিশু জান্নাত (৪) হত্যা ও সন্ত্রাসী হামলার বিচার দাবি করে। প্রায় এক ঘণ্টার সড়ক অবরোধে চৌমুহনী-ফেনী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে স্বজন ও এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, সাহরির সময় নিহতের লাশ ঢাকা থেকে নোয়াখালী পৌঁছায়। বৃহস্পতিবার দুপুরে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, ‘এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে ১৭ জনকে এজাহারভুক্ত আসামি এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত