আমেরিকা থেকে জীবিত ফিরেও, বাড়িতে লাশ গেল বৃদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:৪১ পিএম

আমেরিকাতে এক ছেলের বাসায় কিছুদিন থেকে দেশে ফিরেই সড়কে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। ওই বৃদ্ধার আরেক ছেলে তার লাশ নিয়ে ফিরেছেন বাড়িতে।

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আমেরিকা ফেরত রেজিয়া সুলতানা (৬৪) নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের অদূরে কুমারজানি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

রেজিয়া সুলতানা নাটোর জেলা সদরের কান্দিভিটা গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, আমেরিকা থেকে শনিবার রেজিয়া সুলতানা ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। সেখানে তার ছেলে শামসুল আরেফিন তাকে রিসিভ করতে যান। তারা একটি মাইক্রোবাসযোগে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। রাতে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রেজিয়া বেগম মারা যান।

এ ঘটনায় তার ছেলে শামসুল আরেফিন আহত হয়।

আহত শামসুল আরেফিন জানান, কয়েক মাস আগে তার মা আমেরিকায় থাকা তার ভাইয়ের বাসায় বেড়াতে যান। গতকাল শনিবার তিনি দেশে ফিরে আসেন।  

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত