ঐতিহাসিক মুজিবনগর দিবস ‘বি’ ক্যাটাগরিতে পালন করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে ১৭ এপ্রিলকে ‘এ’ ক্যাটাগরির রাষ্ট্রীয় দিবস করার প্রস্তাব করা হয়েছে। আশা করছি, মন্ত্রিসভার আগামী বৈঠকে এটি উত্থাপিত হবে।’
গতকাল রবিবার মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি আরও বলেন, ‘মুজিবনগর দিবসকে ‘এ’ ক্যাটাগরি হিসেবে পালনের পাশাপাশি মুজিবনগরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
