ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেটের ব্যবসায়ী কর্মচারীদের হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতে অবস্থান নেন। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, নীলক্ষেত অবরোধ করার পর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা করতে এলে তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ৷ এ সময় শিক্ষার্থীরা বাঁশ-লাঠি ইত্যাদি নিয়ে নীলক্ষেতের বিভিন্ন দোকানে হামলা করেন। এর আগে পলাশী-কাঁটাবন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আজিমপুর, হাজারীবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এ ছাড়া আজিমপুরে বিডিআর ৩ নম্বর গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি হল। দুটি হলের আবাসিক ছাত্রীরা ক্লাস-পরীক্ষার কারণে ক্যাম্পাসে আসতে চাইলে তাঁদের উত্ত্যক্ত করা হয়।
ইডেন কলেজের এক ছাত্রী বলেন, নিউ মার্কেটের ব্যবসায়ীরা আমাদের সব সময় হয়রানি করে। মার্কেটের ভেতরে দোকান কর্মচারীরা নারীদের লাঞ্ছিত করে। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি।
এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মারমুখী অবস্থানের কারণে মঙ্গলবার সকাল থেকে ওই এলাকার সব দোকানপাট ও সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের আবাও সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ইট ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা।
