কলমাকান্দায় পিস্তলসহ গ্রেপ্তার হত্যা মামলার আসামি

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৪:১১ পিএম

নেত্রকোনা কলমাকান্দায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও নগদ অর্থসহ র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম ওরফে তাজুকে (৩৮) সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

র‌্যাব-১৪ তাকে ওই থানাধীন সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের জনৈক নূরু আমিনের বাসা থেকে তাজুকে গ্রেপ্তার করে।

তাজুল ইসলাম তাজু জেলার দুর্গাপুর উপজেলার বাগিছাপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং তিনি সেখানে ভাড়া থাকতেন।

কলমাকান্দা থানা ওসি মো. আবদুল আহাদ খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, তাজুকে আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে। সে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। গত রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৪ এর পুলিশ পরিদর্শক মো. মনসুর আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের ও গ্রেপ্তারকৃত হস্তান্তর করেন।

জানা যায়, গত শনিবার সকালে নূরু আমিনের বাসা থেকে পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও নগদ দেড় লক্ষ টাকা এবং তার ব্যবহৃত ছয়টি মোবাইল ফোনসহ তাজুকে গ্রেপ্তার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত