টানা তিন দিন যানবাহনে যাত্রীর প্রচণ্ড চাপের পর সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা হয়ে গেছে।
মহাসড়কে যাত্রীবাহী বাস কম এবং যাত্রীও কম। তবে মোটরসাইকেলের পরিমাণ এখনো বেশি দেখা গেছে।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা, গোড়াই, চরপাড়া এলাকায় ঘুরে এই দৃশ্য দেখা গেছে।
যানজট প্রবণ সড়ক হিসেবে খ্যাত উত্তরের প্রবেশদার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দৃশ্যপট পাল্টে গেছে। চিরচেনা সেই যানজট এখন আর নেই।
ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। ঈদের বেশ কিছুদিন আগে থেকেই মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে জেলা, হাইওয়ে, ট্রাফিক পুলিশ ও মহাসড়ক সংশ্লিষ্টদের পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের ফলেই এই স্বস্তির যাত্রা সম্ভব হয়েছে বলে যাত্রী এবং যানবাহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের মির্জাপুর অংশের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, যানবাহনের কোনো চাপ নেই। যে পরিমাণ যানবাহন মহাসড়কে চলছে তাতে যাত্রীও কম। দীর্ঘ ছুটি আর স্বস্তির যাত্রায় এটা সম্ভব হয়েছে। তবে আজ সোমবার মহাসড়কে বাসের তুলনায় মোটরসাইকেলের পরিমাণ বেশি লক্ষ করা গেছে।
টাঙ্গাইলগামী ধলেশ্বরী বাসের চালক আব্দুল কাদের বলেন, যারা বাড়ি ফেরার তারা ইতিমধ্যে ফিরেছে। এখন যাত্রী অনেক কম। কোথাও কোনো জামে পড়তে হচ্ছে না।
মির্জাপুর বাস শ্রমিক নেতা রিপন মিয়া বলেন, এ বছর মহাসড়কের অবস্থা খুবই ভালো। রাস্তায় যানজট নেই। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।
মির্জাপুর বাইপাসে দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহমেদ বলেন, মহাসড়কের কোথাও থেকে কোনো যানজটের খবর পাওয়া যায়নি। ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে ফিরছে বলে তিনি বলেন।
