ঈদের দিন কমলগঞ্জে পর্যটকের ঢল

আপডেট : ০৩ মে ২০২২, ০৫:১৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের দিনে সকাল থেকে পর্যটকদের আনাগোনা করতে দেখা গেছে। আকাশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকলেও উপজেলার মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অনেক পর্যটকের আগমন ঘটেছে।

মঙ্গলবার বিকেলে কিছু সময় বৃষ্টি থামলে সরেজমিনে মাধবপুর লেকে দেখা যায়, চা বাগানের টিলার আঁকাবাঁকা পিচ্ছিল রাস্তায় পর্যটকেরা ঘোরাফেরা করছেন। কেউ কেউ দল বেঁধে এক টিলা থেকে অন্য টিলায় গিয়ে ফটোসেশন করছেন।

পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের একটি দল অবস্থান করছে। এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানেও পর্যটকের ঢল নেমেছে। সেখানেও বৃষ্টি সামান্য কমলেই পর্যটকেরা বনের ভেতর প্রবেশ করে ঘোরাফেরা করছেন। বৃষ্টি বেড়ে গেলেই সবাই এসে টিকিট কাউন্টারের সামনের রুমে অবস্থান করছেন।

মাধবপুর লেকে আসা পর্যটক কয়ছর আহমেদ, মাহফুজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদের দিন বলে কথা। সামান্য ঘোরাঘুরি ছাড়া ঈদ জমে না। কিন্তু এ বছর সকাল থেকে বৃষ্টির কারণে আমরা বিপাকে পড়ে গেছি। তাই সামান্য বৃষ্টি থামতেই চলে এসেছি মাধবপুর লেকে। এখানে আসার আগে লাউয়াছড়ায়ও ঘুরে এসেছি।’

লাউয়াছড়া ইকো টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে লাউয়াছড়াসহ সব পর্যটনকেন্দ্রে প্রচুর পর্যটকের আগমন হয়। ঈদের দিন বৃষ্টি থাকায় পর্যটকের সংখ্যা কিছুটা কম। তবে বুধবার থেকে পর্যটক বাড়বে বলে আমরা আশাবাদী।’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, 'ঈদে পর্যটকদের নিরাপত্তা দিতে ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য থানা পুলিশসহ ট্যুরিস্ট পুলিশ সব সময় মাঠে আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত