কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা ৪৫০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার দুই ঘণ্টা ধরে সৈকতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, সৈকতের বিভিন্ন স্পটে রোহিঙ্গাদের দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করার খবর পেয়ে দুপুর থেকে পুলিশ একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান চালায়। সৈকতের লাবনী সুগন্ধা কলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে চার শতাধিক রোহিঙ্গা আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে নারী ও শিশু এবং প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা রয়েছে।
তিনি জানান, এরা বিভিন্ন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছে বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন।
তিনি জানান, এমনিতেই কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক এসেছে। তাদের নিরাপত্তার একটা বিষয় রয়েছে। ক্যাম্প থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা সৈকতে এসে ঘোরাফেরা করলে সৈকতে আসা পর্যটকদের মনে ভীতির সৃষ্টি হতে পারে। ক্যাম্প থেকে এভাবে রোহিঙ্গারা বের হতে পারে না।
তিনি জানান, সৈকতে আটক রোহিঙ্গাদের ব্যপারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের কর্মকর্তাদের জানানো হয়েছে। আটক রোহিঙ্গারা কোন কোন ক্যাম্প থেকে বের হয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের উখিয়ার রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।
